পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাস ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫ জন। এছাড়া নতুন করে ৪১ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ নিয়ে দেশে মোট আক্রান্ত শনাক্ত হলেন ১৬৪ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এই সময়ের মধ্যে একদিনে সর্বোচ্চ।
এরপর আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা গেছে।’
মীরজাদী সেব্রিনা জানান, নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ, বাকিরা নারী। ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের। মৃত পাঁচজনের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের ওপরে, দুজনের ৫০ বছরের ওপরে, একজনের বয়স ৪০ বছরের ওপরে।
ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনা করলে করোনার প্রকোপ বেশি এমন দেশগুলোর কাছাকাছি (মৃত্যুর হার) চলে গেছে বাংলাদেশ।
প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর দেশে তিন-চার দিন ধরে অনেকটা জ্যামিতিক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।


