করোনায় ঝরল আরও ৫ প্রাণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬৪

করোনায় ঝরল আরও ৫ প্রাণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৬৬৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে এ মহামারী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৮ জনে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে ৪ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ বাড়লেও পরীক্ষা গতকালের চেয়ে কমেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে আরো ১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ১৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গেল ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে তিনজনই পুরুষ এবং দুজন নারী বলে জানান নাসিমা সুলতানা। এদের বয়স বিশ্লেষণে তিনি জানান, এই পাঁচজনের মধ্যে দুজনের বয়সেই ষাটোর্ধ্ব। অন্য তিনজন ৪১ থেকে ৫০ বছরের বয়সসীমার মধ্যে। এর মধ্যে একজন সিনিয়র সাংবাদিক ও একজন পুলিশ সদস্যও রয়েছেন বলে জানান তিনি।

গেল বছর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী ভাইরাসটিতে দেশে প্রথম আক্রান্ত শনাক্ত হয় গেল ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে পঞ্চাশ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার দ্রুত বাড়তে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *