দুর্নীতি বন্ধ করে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করুন : চরমোনাই পীর
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া চিকিৎসকদেরকে অনতিবিলম্বে স্বপদে বহাল করুন।
শনিবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতি ও লুটপাটের দায় আড়াল করতেই চিকিৎসকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তিনি বলেন, সরবারহকৃত এন-৯৫ মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলা মুগদা জেনারেল হাসপাতালের পরিচালকের বিরদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সেই দুর্নীতির বহিঃপ্রকাশ।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সরবারহকৃত নকল ও মানহীন মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সামগ্রীর কারণেই চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের হার মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছে।
তিনি বলেন, মুগদা জেনারেল হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করে তাকেসহ সমগ্র চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের কাছে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ক্ষমা চাইতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটায় জড়িত ‘দূর্নীতিবাজ-লুটেরা’ কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সেইসাথে সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত ও মানসম্মত সেবা চালুর দাবি জানান।
তিনি বলেন, করোনা আক্রান্ত অনেক রোগী ডাক্তারের অবহেলায় চিকিৎসাহীন ভাবে মারা যাচ্ছে এবং অনেকে করোনা পজেটিভ হয়ে এ্যাম্বুলেন্স এ করে হসপিটালে গিয়ে দুঃখজনক ভাবে ভর্তি হতে ব্যর্থ ও সেবা বঞ্চিত হয়ে বাসায় ফিরে যাচ্ছে। যা দেশের মানুষের ভবিষ্যতে ও রোগ নিয়ন্ত্রণের পরিবর্তে ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি করছে।


