ঝগড়া আমাদের পরিবারের, কিন্তু তোমরা কারা?

ঝগড়া আমাদের পরিবারের, কিন্তু তোমরা কারা?

সহজকাব্য । আমিনুল ইসলাম কাসেমী

ঝগড়া আমাদের পরিবারের, কিন্তু তোমরা কারা?

কওমীর ঘোর বিরোধী চক্র, যারা কওমী মাদ্রাসা এবং ওলামায়ে দেওবন্দকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, সময়ে- সুযোগে আলেমদের বেইজ্জতি করতে কুণ্ঠাবোধ করে না, তাদেরই দেখছি হঠাৎ উম্মুল মাদারীস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর প্রতি মায়াকান্না। একদম দরদ-ব্যাথা যেন উথলিয়ে পড়ছে। ব্যাথা একজনের আর কাঁদে আরেকজন।

আরো দুঃখজনক হল, আমাদের কওমীর কিছু অবুঝ-ক্যাট যোগ দিয়েছে ওদের সাথে। ওরা যা-ইচ্ছে-তাই লিখছে, আর আমাদের অপরিণামদর্শি কিছু লোক তাদের সাথে কণ্ঠ মিলিয়ে ছারে তাজ আলেমদের ইজ্জত হরণ করা হচ্ছে। আর কওমীর অবুঝ লোকগুলো মনেহয় বেজায় খুশি!! মনেহচ্ছে যেন, একদম জিহাদের ময়দান! ঐযে কিবোর্ড ওয়ালা কিছু মুজাহিদ আছে না, ঠিক ওদের খাছলতগুলো পেয়ে বসেছে আমাদের ভিতরকার কিছু মানুষের।

বড় দুঃখ – ভারাক্রান্ত হৃদয়ে লিখছি, আমাদের হুঁশ ফিরবে কবে? এভাবে কওমীবিরোধী চক্রগুলো সাধু সেজে কওমীতে এসে আমাদের মধ্যে ফেৎনা তৈরী করবে আর আমরা তাদের তালে- তাল দিব? ওরা আমাদের বারবার মিসগাইড করবে, আর আমরা সেদিকে পা বাড়াব! ওরা আমাদের মুরুব্বীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমরা ওদের কথায় নাচানাচি করব!

আচ্ছা, আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারাকাতুহুম কাদের লোক? আল্লামা আহমাদ শফি সাহেব দামাত বারাকাতুহুম কে? আল্লামা নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম তিনি কে? আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুম তিনি কে?

এক কথায় উত্তর আসবে সকলেই আমাদের মাথার মুকুট। সকলেই আমাদের উস্তাদ। সরাসরি উস্তাদ কারো না হলেও, তাঁরা আমাদের উস্তাদের- উস্তাদ। অথবা তাঁরা আমাদেরই উস্তাদের কোন বন্ধু। মানে তাঁরা সকলেই আমাদের শ্রদ্ধার পাত্র। কওমী অঙ্গনের এমন কেউ নেই, যিনি এ সকল মুরুব্বীদের অসন্মান করবে।

কিন্তু তারপরেও ওরা কারা? যারা আমাদের মুরুব্বীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়। বয়োজৈষ্ঠ মুরুব্বীদের ব্যাপারে কুৎসা রটনা করতে দ্বিধাবোধ করছে না।নির্জলা- মিথ্যাচার করে যাচ্ছে তারা। ওলামায়ে হকের মধ্যে বিভেদ- বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে একেরপর এক।

আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, কওমীর কোন সন্তান মুরুব্বীদের নাঙা করতে পারে না। তাদের নিয়ে কোন বাগাড়ম্বর করার দুঃসাহস দেখাবে না। তারপরেও থামছে না। চলছেই। একেরপর এক পোস্ট। যাতে আমাদের মুরুব্বীদের শান- মান খুঁইয়ে দিচ্ছি আমরাই।

ঝগড়া কিন্তু আমাদের পরিবারের। মাঝখানে তোমরা কারা? আমাদের পরিবারের ঝগড়ার ভিতরে ইন্ধন যোগাচ্ছ? তোমরা কারা? আমাদের কওমীর ঐতিহ্য নিয়ে ছিনিমিনি খেলতে চাও? তোমরা কারা? আমাদের কওমী অঙ্গনে ফেৎনা জিইয়ে রাখতে চাও?

এভাবে কওমী অঙ্গনে যুগ যুগ ধরে ঐ চক্র কাজ করে যাচ্ছে তারা। সুস্থ পরিবেশকে বিনষ্ট করছে। আজ ওদের কারণে আমাদের আলেম সমাজ বারবার লাঞ্ছিত- অপমানিত। ওদের বাড়াবাড়িতে আজ গণমাধ্যমগুলো পেয়ে বসেছে। বেমানান শব্দমালা দিয়ে তারা এখন নিউজ করে। আলেমদের শানে অশালীন বাক্য ব্যবহার করতে তাদের বুক কাঁপে না।

আমরা যদি সতর্ক হতাম, তাহলে ওলামায়ে দেওবন্দবিরোধী চক্রগুলো কি হালে পানি পায়? আমাদের ন্যাকামির কারণে ওদের সাহস বেড়ে গেল। আজ ওদের চুনোপুটিগুলো ফেসবুকে আমাদের মুরুব্বীদের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়। কত্ত বড় সাহস!

আল্লামা আহমাদ শফির উপর কালিমার লেপন পড়বে? আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে ঐসব ফেঁওগুলো হৈ চৈ করে তাঁর ইজ্জত নিয়ে টানাটানি করবে? আল্লামা আব্দুল কুদ্দুস ও আল্লামা নুরুল আমিনের ইজ্জত ভুলুন্ঠিত হবে? আর আমরা কি চেয়ে চেয়ে দেখব?

মনে রাখতে হবে, সকল আলেম, যারা হক- হক্কানিয়্যাতের মশাল নিয়ে ছুটে চলেছেন, সকলেই আমাদের রাহবার- প্রাণপুরুষ- ছারে তাজ। তাদের বিরুদ্ধে কেউ কলম ধরলে কওমীর কোন সন্তান বরদাশত করবে না। মেনে নেবে না কোনদিন।

সাময়িক কখনো ভুল-বোঝাবোঝি থাকতে পারে। তাই বলে আলেমগণ একেঅপরকে বেইজ্জিতি করেন না কোনদিন। সকলেই অপরের সন্মান-ইজ্জত রাখার জন্য বদ্ধ-পরিকর।

আরেকটা বিষয়, হাটহাজারীর বিষয়টা সেখানকার শুরা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছেন, এ ব্যাপারে চুপ- চাপ থাকাটাই সবচেয়ে ভাল। কোন কথা না বললেই ভাল দেখাবে। বিজ্ঞ মজলিসে শুরা, যারা পরামর্শের মাধ্যমে তাদের কার্য সম্পাদন করেছেন। শুরার যারা সদস্য, কেউ কিন্তু অবুঝ লোক নয়। সকলে অনেক জ্ঞানী। আর তারা সকলেই দেশ সেরা আলেম।

বিবৃতিতে দেখলাম, কোন মুখস্থ কথা তিনি বলেন নি। শুরার লিখিত সিদ্ধান্তগুলি সরাসরি গণমাধ্যমকে শুনিয়ে দিলেন। সুতরাং পরামর্শের ভিত্তিতে যেটা হয়েছে, সেটার প্রতি আস্থা রাখা চাই। নিশ্চয়ই কোন কল্যাণ নিহিত আছে। আর বাড়াবাড়ি পক্ষ-বিপক্ষ লেখনীতে কোন ফায়দা হবে বলে মনে হয় না। এই হালাতে খামোশ থাকাটা শ্রেয়। আল্লাহ আমাদের উপর রহম করুন। সহি বুঝ দান করুন। আমিন।

লেখক : শিক্ষক ও প্রাবন্ধিক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *