খেলা ডেস্ক ● ক্রিস্টিয়ানো রোনালদো কি গোল করতে ভুলে গেছেন? অবস্থাদৃষ্টে তো তা-ই মনে হচ্ছে। লিগে তিনটি ম্যাচ খেলে ফেললেন, এখনো গোল পাননি। লিগে এমন বাজে শুরু নিজের ক্যারিয়ারে আর কখনোই দেখেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড। তিনি তো গোলসংখ্যায় রিয়ালের অবিসংবাদিত সম্রাট—তিন ম্যাচে তাঁর গোল না পাওয়াটা সবার জন্য একটু অস্বস্তিরই। রোনালদোর নিজের শরীরী ভাষাতেও এই অস্বস্তির ছাপটা স্পষ্ট।
২০১০-১১ মৌসুমে প্রথম গোল করতে ২২৫ মিনিট সময় নিয়েছিলেন রোনালদো। এখনো পর্যন্ত এটিই তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ। ২০১৬-১৭ মৌসুমে তো ৬ মিনিটের মাথাতেই গোলে পেয়েছিলেন। কে জানত, গেল মৌসুমে রিয়ালকে লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর এবারই নিজের প্রথম গোলের জন্য এতটা অপেক্ষা করতে হবে রোনালদোকে।
স্প্যানিশ সুপার কোপার ফাইনালে রেফারিকে ধাক্কা দেওয়ার দায়ে লিগের প্রথম ৪ ম্যাচে খেলতে পারেননি রোনালদো। এরপর এক–এক করে খেলেছেন রিয়াল বেতিস, আলাভেজ ও এসপানিওলের বিপক্ষে ম্যাচগুলো। এর মধ্যে দুটিতে জয় পেলেও রিয়েল বেতিসের বিপক্ষে হেরেছিল লস ব্লাঙ্কোরা। সূত্র: মার্কা


