নিকি সাহেবের বাড়ি ভাঙা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘নিকি সাহেবের বাড়ি’ ভাঙার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বাড়িটিকে কেন দেশের ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদনকে আমলে নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। তিনি জানান, বাড়িটি ভাঙা বন্ধে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকার পুলিশ কমিশনার, রাজউক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে সংস্কৃতি সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এস এম মনিরুজ্জামান বলেন, আজ (বৃহস্পতিবার) একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘নিকি সাহেবের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে’ শিরোনামে প্রতিবেদন নজরে নিয়ে আদালত এই আদেশ দিয়েছেন।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পুরান ঢাকার আরমানিটোলায় ১৯ শতক জায়গায় নির্মিত একটি বাড়িতে বাস করতেন আর্মেনীয় বংশোদ্ভূত জমিদার নিকোলাস পোগজ। তার বাড়িটি মহল্লার মানুষের কাছে নিকি সাহেবের বাড়ি নামে পরিচিত ছিল। অথচ ঐতিহ্যবাহী বাড়িটি সংরক্ষিত ভবনের তালিকায় নেই। অনিন্দ্যসুন্দর সেই দ্বিতল ভবন এখনকার মালিকেরা ভেঙে ফেলছেন। কয়েক সপ্তাহ ধরে ভাঙার কাজ চলছে। ইতোমধ্যে ভবনটির সামনের এক-তৃতীয়াংশ গুঁড়িয়ে ফেলা হয়েছে।

ভবনটি সংরক্ষণের দাবিতে গত বুধবার বিকালে আরমানিটোলার আর্মেনিয়ান স্ট্রিটে মানববন্ধন করেছে ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন আরবান স্টাডি গ্রুপ।

এলাকায় দেখা যায়, আর্মেনিয়ান স্ট্রিটের ৮/১ ও ৮/২ নম্বর হোল্ডিংয়ে আছে নিকোলাস পোগজের বাড়ি। দ্বিতল ভবনটির ভেতরের এক-তৃতীয়াংশ ভেঙে ফেলা হয়েছে। ইট-সুরকি অপসারণে কাজ করছেন কয়েকজন শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *