প্রতারণায় জড়িত এজেন্সির হজ লাইসেন্স বাতিল হচ্ছে  

প্রতারণায় জড়িত এজেন্সির হজ লাইসেন্স বাতিল হচ্ছে  

নিজস্ব প্রতিবেদক : যেসব এজেন্সি হাজিদের সঙ্গে প্রতারণা করেছে তাদের চিহ্নিত করে জরিমানাসহ লাইসেন্স বাতিল এবং তারা যেন আগামী বছর হাজি পাঠানোর সুযোগ না পায় সে বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।  বৃহস্পতিবার জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে ওই সুপারিশ করা হয়। স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে কমিটির সদস্য এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বৈঠকে অংশ নেন।

বৈঠকে  ২০১৭ সালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা করা হয়। যেসব এজেন্সি হাজিদের সঙ্গে দেশে ও সৌদি আরবে প্রতারণা করেছে তাদের চিহ্নিত করে তাদের লাইসেন্স বাতিল, সেসব এজেন্সি যাতে আগামী বছর হাজি পাঠাতে না পারে  সেজন্য ব্যবস্থাগ্রহণ এবং জরিমানা আরোপ করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে হজ ফ্লাইট বাতিলের জন্য হজ এজেন্সিকে দায়ী করা হয় এবং যেসব এজেন্সির কারণে হজ ফ্লাইট বাতিল হয়েছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে বলা হয়, এক এজেন্সির হাজি অন্য এজেন্সির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজে যাওয়ার কারণে চরম দুর্ভোগের শিকার হন। এ অবস্থা থেকে পরিত্রাণ দিতে যেসব হাজি যে এজেন্সির মাধ্যমে নিবন্ধনকৃত শুধু সে এজেন্সির মাধ্যমে যাতে হজে যায় সে বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া হাজি পাঠানোর নীতিমালা পরিবর্তন করে বাস্তবতার নিরিখে হাজিকল্যাণের বিষয়টি মাথায় রেখে নতুন নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়।

সরকারি পর্যায়ে বেশি সংখ্যক হাজি পাঠানোর জন্য ২০১৮ সাল থেকে উদ্যোগ গ্রহণের পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের গৃহীত কর্মসূচির সফলতাসমূহের  প্রচার-প্রচারণা জোরদার করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *