চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কসমোপলিটন হাসপাতালের ফ্রিজে এভাবেই সঞ্চালনের জন্য সংরক্ষিত রক্ত ও মাছ-মাংস একসঙ্গে রাখা ছিল। অস্ত্রোপচার কক্ষে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে চট্টগ্রামের কসমোপলিটন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে হাসপাতালটির তিন কর্মচারীকে ১৫ দিন করে কারাদ-াদেশ দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নগরীর চট্টেশ্বরী সড়কের এই হাসপাতালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালটির অনিয়মের এসব চিত্র উঠে আসে। ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রোপচার কক্ষের কার্যক্রম চলতে দেখেন। এ ছাড়া অস্ত্রোপচার কক্ষে মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবহার, ফ্রিজে রক্তের ব্যাগের সঙ্গে মাছ ও মাংস সংরক্ষণ করতেও দেখতে পান।
এসব কারণে কসমোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এসব অনিয়মের দায়ে হাসপাতালের তিন কর্মচারীকে ১৫ দিন করে কারাদ-াদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন জানান, কসমোপলিটন হাসপাতালের ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া সেখানে কর্মরত রেডিওলজি টেকনিশিয়ানের কোনো প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদ নেই।


