আল্লামা শফীর ইন্তেকালে মাহমুদ মাদানীর শোক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মাহমুদ মাদানী বলেন, আল্লামা শফীর হৃদয়বিদারক ইন্তেকালের সংবাদ আমাকে বিমর্ষিত ও আহত করেছে। তিনি হযরত শায়খুল ইসলাম মাদানী রহ. যোগ্য শাগরেদ, খলিফা, মুজায ও আমাদের সকলের প্রিয় ছিলেন। মাদানী পরিবারের সাথে তাঁর সম্পর্ক, হৃদ্যতা ও ভালোবাসা ছিল পঞ্চাশ বছরেরও অধিক সময়ের। আল্লাহ পাক তাঁর দ্বারা দ্বীনের অনেক বড় বড় কাজ নিয়েছেন।
মাওলানা মাহমুদ মাদানী বলেন, বাংলাদেশে তাঁর ছাত্র, ভক্ত অনুরক্তের সংখ্যা অগণন। ১৯৪৬ সনে দারুল উলূম দেওবন্দ থেকে ফারেগ হন। তারপর তিনি তাঁর গোটা জীবন ইসলামের প্রচার -প্রসার, দরস-তাদরিস, হাদিস, ফিকহ, বাইয়াত, সুলুক, ইসলাহ ও তাজকিয়ার জন্য ওয়াকফ করে দিয়েছিলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড’ ও ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ এর চেয়ারম্যান হওয়ার সুবাধে তিনি বাংলাদেশের রাজনীতি, শিক্ষা ও সমাজ গঠনে যোগ্য নেতৃত্বের আসন অলংকৃত করেছেন। বার্ধক্য ও অসুস্থতার কারণে কখনো তিনি তাঁর আদর্শ ও মিশন থেকে পশ্চাদপসরণ করেননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তিনি মসনদে হাদিসে বুখারী শরীফের দরস দিয়েছেন!
জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল বলেন, বাংলা ও উর্দুতে একাধিক গ্রন্থ রচনা করেছেন। তিনি ছিলেন দেশ ও জাতির কল্যান ও মঙ্গলে সদা নিবেদিত একজন আলেমে দ্বীন। ইখলাস, লিল্লাহিয়্যাত ও সাদাসিধে জীবন যাপন ছিল তাঁর অনন্য বৈশিষ্ট্য। বাবার মৃত্যু নিঃসন্দেহে সন্তানদের জন্য বিরাট বেদনাদায়ক ও শোকের। তবে আল্লাহ পাকের ইচ্ছা আমাদের সবার থেকে উর্ধ্বে। তাঁর ফায়সালার উপর সকলের ধৈর্য্য ধারণ করা আবশ্যক। এ জন্য আল্লাহর পক্ষ থেকে পুরষ্কারের অঙ্গীকার রয়েছে।
তিনি বলেন, জমিয়তে উলামায়ে হিন্দের মহামান্য সভাপতি হযরত কারী সাইয়্যেদ উসমান মানসুরপুরী ও আমি অধমের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ পাকের কাছে দোয়া ও নিবেদন যে, তিনি আপনি ও আপনার পরিবারকে সবরে জামিল অবলম্বনের তাওফিক দান করুন এবং মাওলানা মরহুমকে নৈকট্যশীল বান্দাদের জন্য ঘোষিত নিয়ামত দ্বারা ভূষিত করুন ও তাঁর মর্যাদাকে সদা সর্বদার জন্য বৃদ্ধি করে দিন।
অনুবাদ: মুহাম্মাদ আইয়ূব




