পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে বিএনপি তথা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর অকথ্য দমন-পীড়ন ও গুম-খুন হয়রানি চলছে; তবে যতই নিপীড়ন, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হোক- এ সরকারের শেষ রক্ষা হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এর হিসাব একদিন জনগণকে দিতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ শিপুর স্ত্রী অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলিকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। যুক্তরাজ্য মহিলা দলের পক্ষ থেকে এ অনুদান দেয়া হয়।
এ সময় রিজভী আরও বলেন, বিএনপি সবসময় অসুস্থ, নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও গরিব মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। করোনাকালে সারা দেশে বিএনপির পক্ষ থেকে ত্রাণসহ নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বন্যাসহ নানা দুর্যোগে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপির নেতাকর্মীরা নিজস্ব অর্থ দিয়ে সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে নানাভাবে সহায়তা করছে।
/এএ


