বিশ্ব দরবারে বাংলাদেশের ইমেজ নষ্ট করছে সরকার : ফখরুল

বিশ্ব দরবারে বাংলাদেশের ইমেজ নষ্ট করছে সরকার : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ব দরবারে বাংলাদেশের ইমেজ নষ্ট করছে সরকার মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র প্রায় অনুপস্থিত। রাজনৈতিক বিষয়গুলো বিশ্বের কাছে উপস্থাপন হওয়ায় বাংলাদেশের ইমেজ বিশ্ব দরবারে নষ্ট হচ্ছে যা কোনোভাবেই সুখকর নয়।

বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে এক শোভাযাত্রায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সরকারের করা আইনগুলো স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের জন্য সহায়ক নয়। তিনি সাংবাদিকদের দেশের স্বার্থে নিরপেক্ষভাবে করার আহ্বান জানান।

তিনি দেশের সর্বক্ষেত্রে বিভক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু রাজনীতি নয়, দেশের সর্বক্ষেত্রে বিভক্তি সমাজের জন্য শুভকর নয়। এ সময় দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমাদের জন্য দুর্ভাগ্য! গণমাধ্যম কর্মীদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি দেশের গণতন্ত্র ও সামগ্রীক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম গণমাধ্যম। যে দেশের গণমাধ্যম যত স্বাধীন ও শক্তিশালী সেই দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী। দুর্ভাগ্য আজকে সারাবিশ্বে গণমাধ্যম কর্মীদের ওপরে একটা চাপ সৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশে সেই চাপ অনেক বেশি আমরা লক্ষ্য করছি। আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক কারণে অনেক সংবাদকর্মীকে নিগৃহীত হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। তাদেরকে অনেক সময় কারাগারে যেতে হয়েছে। সংবাদ প্রতিষ্ঠানগুলো অনেক সময় বন্ধ করে দেওয়া হয়েছে।

শোভাযাত্রায় ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরীসহ সংগঠনের সদস্য সাংবাদিকরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *