পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৮৮টি দেশে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। পাইলটদের লাইসেন্স সংক্রান্ত ইস্যু এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) প্রয়োজনীয় আন্তর্জাতিক মান পূরণ না করতে পারার কারণে এই নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
গত ৩ নভেম্বর আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) এক চিঠিতে জানিয়েছে, পাইলটদের লাইসেন্স ও প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ)। এ বিষয়ে পিসিএএকে সতর্কও করেছে আইসিএও।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এয়ারলাইন্সের পাইলট এই নিয়ম পূরণ করতে না পারায় বিশ্বের ১৮৮টি দেশ থেকে নিষিদ্ধ করতে পারে আইসিএও।
এ ব্যাপারে পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (পালপা) মুখপাত্র বলেন, ‘আইসিএও এ ধরনের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের বিমান পরিবহন শিল্পে বিপর্যয় নেমে আসবে।’
পালপা’র মুখপাত্র আরও জানিয়েছে, চলতি বছরের জুন থেকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য তারা প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হয়েছেন।
পাকিস্তান এয়ারলাইন্সের বিরুদ্ধে লাইসেন্স কেলেঙ্কারির অভিযোগ নতুন নয়। এর আগেও তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। এই কেলেঙ্কারির জন্যই ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) নিষিদ্ধ।
/এএ


