নামাজ পড়াতে পড়াতেই আল্লাহর ডাকে সাড়া দিলেন ইমাম
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যখনই রবের ডাক আসবে তখনই চলে যেতে হবে। এতে কোনো বাধাই কাউকে আটকাতে পারবে না। পবিত্র সালাত আদায় করতে করতে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মদিনা মসজিদের ইমাম মাওলানা সুলায়মান। দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে তিনি নামাজ পড়িয়ে আসছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ফজরের নামাজ পড়ানোর সময় মাওলানা সুলায়মান (৫৮) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরে সদর উপজেলা শহরের পৌর এলাকার ঐতিহ্যবাহী মদিনা মসজিদে এ ঘটনা ঘটে।
মাওলানা সুলায়মান নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।
মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, সোমবার ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসল্লীদের সঙ্গে নামাজ আদায় করা অবস্থায় মারা যান তিনি।
সোমবার বাদ জোহর শহরের টেংকেরপাড় জানাজা শেষে মাওলানা সুলায়মানকে তাঁর প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হবে।


