সালতামামি-২০২০
উচ্চ আদালতের আলোচিত যত আদেশ ও রায়
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারির বছরে দুই পদ্ধতিতে (ভার্চ্যুয়াল ও শারীরিকভাবে) উচ্চ আদালতের কার্যক্রম অব্যাহত ছিল। এর মধ্যে অনেক আলোচিত রায় ও আদেশ এসেছে দেশের উচ্চ আদালত থেকে:
জি কে শামীম: ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
ফেব্রুয়ারি মাসের ৪ ও ৬ তারিখে তিনি হাইকোর্টের দুই বেঞ্চ থেকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জামিন পান। মাসখানেক পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর ৮ মার্চ সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় তার জামিন প্রত্যাহার করেন।
রাসেল সরকার: মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ২০১৮ সালের ২৮ এপ্রিল গ্রিন লাইন পরিবহনের ধাক্কায় প্রাইভেটকারচালক রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি রিট আবেদন করেন। এই রিট আবেদনে হাইকোর্ট ওই বছরের ১৪ মে রুল জারি করেন। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রাসেল সরকারকে চিকিৎসা ব্যয়সহ মোট ১৩ লাখ টাকা দেয় গ্রিন লাইন। তবে রুলের চূড়ান্ত শুনানি শেষে ১ অক্টোবর তিন মাসের মধ্যে আরও ২০ লাখ টাকা পরিশোধ করতে গ্রিনলাইনকে নির্দেশ দেন
হাইকোর্ট।
জাহালম: ২০১৯ সালের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে ‘স্যার, আমি জাহালম, সালেক না…’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত। এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ চারজনকে তলব করেন হাইকোর্ট। এছাড়া রুলও জারি করেন । ৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা হাজিরের পর হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেন।
রাতের আদেশ: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার শিশুকে জামিন না দিয়ে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত। ওই শিশুদেরকে পুলিশভ্যানে তোলার সময় তাদের কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে তা উচ্চ আদালতের নজরে আসে।
৮ অক্টোবর রাতে হাইকোর্ট তাদের জামিন নিস্পত্তি করতে আদেশ দিয়ে ওই চার শিশুকে রাতের মধ্যেই এসি মাইক্রোবাসে করে তাদের অভিভাবকদের নিকট পৌঁছে দিতে নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালত তাদেরকে জামিন দেওয়ার পর রাতের মধ্যে তাদের যশোর থেকে মাইক্রোবাসে করে বরিশালে রওনা দেন কর্মকর্তারা। পরদিন সকালে শিশুদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
এ আদেশ অনুসারে গুলশান থানার ওসি রাতেই দুই বোনকে বাবার বাসায় উঠিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন।
ফেসবুক স্ট্যাটাস: আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন অভিযোগ তুলে তা আপিল বিভাগের নজরে আনেন প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিল বিভাগ বিষয়টি আমলে নিয়ে তাকে শোকজ করে তলব করেন। পরে সৈয়দ মামুন মাহবুব আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে তিনি এ ধরনের অবমাননাকর কাজ থেকে বিরত থাকার নিশ্চয়তা দেন। শুনানি শেষে ২৩ আগস্ট তার আদালত অবমাননার মামলা নিষ্পত্তি করে দেন।
যাবজ্জীবন: ২০০১ সালে সাভারে এক হত্যা মামলায় ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি এক আসামির মৃত্যুদ- মওকুফ করে আমৃত্যু কারাদ- দেন সর্বোচ্চ আদালত। রায় ঘোষণার সময় আপিল বিভাগ যাবজ্জীবন কারাদ- মানে আমৃত্যু কারাবাস বলে উল্লেখ করেন। তখন যাবজ্জীবনের সময়সীমা নিয়ে আলোচনা সামনে আসে। এ অবস্থায় আসামিও এ রায় রিভিউ চেয়ে আবেদন করেন। সেই রিভিউ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নিষ্পত্তি করে ১ ডিসেম্বর রায় দেন আপিল বিভাগ। রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্ট তাদের সংক্ষিপ্ত আদেশে যেটা বলছেন (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে), যাবজ্জীবন বলতে বোঝা যাচ্ছে যে সারাজীবনই হবে।


