পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাম্মদ ও আহমদ নামের রহস্য বর্ণনা করতে গিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, জাতীয় শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত। আহমদ নামের অর্থ প্রশংসাকারী।
তিনি বলেন, নবীজীর মুহাম্মদ নামের রহস্য হলো, আল্লাহ তাআলা তাঁর সৃষ্টি মাখলুকাতের মধ্যে নবীজীর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। নবীজীর মত এতো প্রশংসা তিনি অন্য কোন নবী-রাসূলদের করেননি। এইজন্য তাঁর নাম মুহাম্মদ রাখা হয়েছে।
আল্লামা মাসঊদ বলেন, নবীজীর আহমদ নামের রহস্য হলো, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, মানুষ, জ্বীন ও ফেরেশতারা মিলেও আল্লাহ তাআলার এতো বেশি প্রশংসা করেননি, যতটা প্রশংসা আল্লাহ তাআলার নবীজী একা করেছেন। এমনকি হাশরের ময়দানে সিজদায় পড়ে নবীজী আল্লাহ তাআলার প্রশংসা করবেন।
শনিবার (২৩ জানুয়ারি) বাদ এশা রাজধানীর উত্তরখান বায়তুন নুর জামে মসজিদে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত ইসলাহী ইজতেমায় মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
আল্লাহ তাআলাকে পেতে কোন মাধ্যম লাগে না। আল্লাহকে পেতে হলে আল্লাহকে ডাকতে হবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, বান্দা যখন আল্লাহকে পেতে চেষ্টা করে, আল্লাহকে ডাকে, তখন আল্লাহ নিজেই এসে বান্দার কাছে ধরা দেন। আল্লাহ বান্দার চেষ্টা ও তাঁর নামডাকে পছন্দ করেন। তাই যে ব্যক্তি আল্লাহকে ডাকবে, সে অবশ্যই একদিন আল্লাহকে পেয়ে যাবে। আর যে আল্লাহকে পেয়ে যাবে, দুনিয়া ও আখেরাতে তার কোন পেরেশানি থাকবে না। শান্তি-সুখেই বসবাস করবে।
আল্লাহ তাআলাকে দিলের সাথি, নবিজি মুহাম্মদ (সা.)-কে আমলের সাথি এবং সাহাবায়ে কেরাম (রা.)-কে পথচলার সাথি বানানোর আহ্বান জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, আল্লাহ তাআলাকে সবসময় অন্তরে রাখতে হবে, নবিজিকে আমলে রাখতে হবে এবং সাহাবায়ে কেরামের দেখানো পথে চলতে হবে। যদি তুমি সর্বদা আল্লাহকে অন্তরে, নবীজীকে আমলে রাখো, সাহাবায়ে কেরামের দেখানো পথে চলো, তাহলে দুনিয়াতে তুমি সফল হবে, জান্নাতও তোমার জন্য অপেক্ষায় থাকবে।
ইসলাহী ইজতেমায় এশার নামাজের পর দুরুদ শরীফের আমল পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন।
ইজতেমায় আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি, করোনা মহামারি থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।
বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা ঈবরাহিম শিলিস্তানি আয়োজিত এই ইসলাহী ইজতেমায় আরও বয়ান করে বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি মুফতি আবুল কাসেম, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফি, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব, সহকারী সংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।



