পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্থানীয় ইউপি নির্বাচনের কারণে বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে আয়োজিত কিশোরগঞ্জের তাড়াইলের বেলংকার ইসলাহী ইজতেমার তারিখ পেছানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ইসলাহী ইজতেমা আয়োজক কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন এ কথা জানান। তিনি ইজতেমার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করেন।
পরিবর্তিত তারিখ অনুযায়ী ১৯, ২০, ২১ ফেব্রুয়ারি বেলংকার ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।
মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, ১২, ১৩, ১৪ ফেব্রুয়ারি যে তারিখ ঠিক করা হয়েছিল তা স্থানীয় নির্বাচনের কারণে পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ইসলাহী ইজতেমা শুরু হবে এবং ২১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে কিশোরগঞ্জবাসীর পরম আরাধ্যের আল্লাহপ্রেমীদের এ মিলনমেলা।
উল্লেখ্য, বেলংকার ইসলাহী ইজতেমায় দেশ-বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করেন। তিন দিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা। ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
![]()


