পাথেয় রিপোর্ট : জেরুজালেমে ইসরাইলের রাজধানী ঘোষণার নিন্দা জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, জেরুজালেমে ইসরাইলীহানা সহ্য করবে না বিশ্ব। ইসরাঈল সম্পূর্ণ অবৈধভাবে ফিলিস্তিনীদের উপর চেপে বসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জেরুজালেমে ইহুদীতা-বের পক্ষে যে সমর্থন ব্যক্ত করেছেন তা বুমেরাং হবে। বিশ্বজনমতের বিরুদ্ধে কোনো কিছুই টিকে থাকে না উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, সোভিয়েত ইউনিয়ন টিকেনি। আরও কত রাজরাজারা হারিয়ে গেছে। জেরুজালেমে ইসরাইলের হঠকারী সিদ্ধান্ত তাদের জন্যই বিপদ ডেকে আনবে।
ট্রাম্পের ঘোষণার মাধ্যমেই জেরুজালেম ইসরাঈলের রাজধানীর বৈধতা পাবে না দাবি করে আল্লামা মাসঊদ বলেন, মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস জেরুজালেমে অবস্থিত। মুসলিম বিশ্বের এই পবিত্র স্থানকে নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইল। ইসরাইলের হাত থেকে জেরুজালেমকে রক্ষা করতে হবে। রক্ষা করতে হবে পবিত্র স্থান বায়তুল মোকাদ্দাস।
মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা করার জন্যই জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা মাসঊদ এক বিবৃতিতে এসব কথা বলেন।
আল্লামা মাসঊদ বিবৃতিতে বলেন, ইসরায়েল মার্কিন মদদে যেভাবে জেরুজালেম নগরীকে তার রাজধানী বানাচ্ছে, এতে ইহুদীবাদীদের চিরাচরিত ধৃষ্টতা, আর এই ধৃষ্টতায় মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।


