বি’ ক্যাটাগরিতে বিডি থাই অ্যালুমিনিয়াম

বি’ ক্যাটাগরিতে বিডি থাই অ্যালুমিনিয়াম

অর্থনৈতিক প্রতিবেদক ●  ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করায় স্টক এক্সচেঞ্জে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে ৩০ কার্যদিবস এ কোম্পানির শেয়ারের বিপরীতে কোনো মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। কাল থেকে ‘বি’ ক্যাটাগরির অধীনে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন। ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৭১ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ১৭ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকেও বিডি থাইয়ের ইপিএস কমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ২০ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি, আগের বছর একই সময় যা ছিল ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৯ টাকা ৩৩ পয়সা।

এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, দীর্ঘমেয়াদে থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের (বিডি থাই) ঋণমান ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০১৬ সালের জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পর্যালোচনা করে এ প্রত্যয়ন করে রেটিং এজেন্সিটি। উল্লেখ্য, অভিহিত মূল্যে ১:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে গত বছর শেয়ারহোল্ডারদের কাছ থেকে অর্ধশত কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম। ডিএসইতে সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সায় কোম্পানিটির শেয়ার কেনাবেচা হয়। সমাপনী দর ছিল ২৯ টাকা, আগের কার্যদিবসে যা ছিল ২৯ টাকা ৯০ পয়সা। গত এক বছরে এর সর্বোচ্চ দর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা ও সর্বনিম্ন ১৯ টাকা ৯০ পয়সা। বোনাস শেয়ার সমন্বয়ের পর সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৯ দশমিক ৯৭, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ৩৬ দশমিক ২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *