পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জনপ্রিয় মার্কিন উপস্থাপক অপরাহ উইনফ্রেকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কল। সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি এবং মেগান নিজেদের এবং বাকিংহাম প্যালেসে তাদের জীবন নিয়ে বিস্তারিত কথা বলেছেন।
রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর এখন নিজের জন্য স্বাধীনভাবে কথা বলতে সম্পূর্ণ প্রস্তুত আছেন বলে এই অনুষ্ঠানে মন্তব্য করেছেন মেগান মার্কল। যুক্তরাষ্ট্রে আগামী রোববার এবং যুক্তরাজ্যে সোমবার সাক্ষাৎকারটি প্রচার হওয়ার কথা। এতে হ্যারি-মেগানের রাজপরিবারের দায়িত্ব ছেড়ে দেওয়া এবং যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসের প্রসঙ্গও থাকবে বলে অনুমান করা হচ্ছে।
সাক্ষাৎকারের ৩০ সেকেন্ডের একটি টিজার ছেড়েছে সিবিএস। সেখানে উইনফ্রেকে ডাচেস অব সাসেক্সের উদ্দেশ্যে বাকিংহাম প্যালেস বিষয়ে প্রশ্ন করতে দেখা যাচ্ছে।
গত বছর জানুয়ারিতে রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন হ্যারি-মেগান দম্পতি।
সম্প্রতি এ দম্পতির সঙ্গে বাকিংহাম প্যালেসের কথার লড়াই শুরু হয়েছে।
২০১৮ সালের মে মাসে মার্কিন অভিনেত্রী মেগানকে বিয়ে করেন প্রিন্স হ্যারি। কিন্তু দুই বছরেরও কম সময়ে এ দম্পতি নিজেদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তার সুরক্ষার কথা বলে এবং প্রচারের আলো থেকে দূরে থাকতে রাজপরিবারের দায়-দায়িত্ব থেকে সরে দাঁড়ান। যদিও পরে মেগান বলেছেন, তার ছেলে আর্চি যখন তার গর্ভে ছিল তখন রাজপরিবারে নিজেকে তার ‘অরক্ষিত’ মনে হত।
প্রাইভেসি রক্ষার কথা বলে রাজকীয় দায়িত্ব ছেড়ে দিয়ে পরে উইনফ্রে শো’র মত জনপ্রিয় অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়াকে অনেকে ভণ্ডামি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন।


