সববয়সীদের অক্সফোর্ডের টিকা প্রদানের অনুমতি দিলো জার্মানী

সববয়সীদের অক্সফোর্ডের টিকা প্রদানের অনুমতি দিলো জার্মানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে তর্কবিতর্কের মাঝে জার্মানির কর্তৃপক্ষ সববয়সী মানুষের জন্য সেটি নিরাপদ বলে ঘোষণা করেছে৷

করোনা সংকট মোকাবিলার ক্ষেত্রে প্রবল চাপের মুখে রয়েছে জার্মানি৷ প্রাথমিক সাফল্যের পর সরকার ও প্রশাসনের বর্তমান ভূমিকার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠছে৷ তার উপর করোনা টিকাদান কর্মসূচির ধীর গতি পরিস্থিতি আরো জটিল করে তুলছে৷ বিশেষ করে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা সম্পর্কে জনসংখ্যার একটা বড় অংশের নেতিবাচক ধারণা বড় সমস্যা হয়ে উঠেছে৷ জার্মানির  কর্তৃপক্ষ এতকাল ৬৫ বছরের বেশি বয়সের মানুষদের এই টিকা না দেবার পরামর্শ দিয়ে আসছিল৷ এবার সেই সিদ্ধান্ত সংশোধন করে সেই টিকাকে সবার জন্য নিরাপদ হিসেবে ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷ এর ফলে আরো অনেক বয়স্ক মানুষ দ্রুত টিকা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে জার্মানিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা টিকার ভাবমূর্তির কতটা উন্নতি হবে, তা এখনো স্পষ্ট নয়৷ এতকাল সুযোগ পেয়েও অনেক মানুষ সেই টিকা নিতে অস্বীকার করে এসেছেন৷ ফলে অব্যবহৃত টিকার পরিমাণ বেড়েই চলেছে৷ বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩২ লাখ ডোজ জার্মানির সব রাজ্যে সরবরাহ করা হয়েছে৷ রবার্ট কখ ইনস্টিটিউটের হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত মাত্র ৬৩১,০০০ ডোজ মানুষকে দেওয়া হয়েছে৷

সার্বিকভাবে টিকার সরবরাহে ব্যাপক ঘাটতি সত্ত্বেও এমন পরিস্থিতির জন্য ব্যবস্থাপনার দুর্বলতাকেও দায়ী করছেন সমালোচকরা৷ এখনো পর্যন্ত জনসংখ্যার মাত্র সাড়ে পাঁচ শতাংশ টিকার প্রথম ডোজ পেয়েছে৷ অথচ সহজে দ্রুত করোনা পরীক্ষার পাশাপাশি টিকাদান কর্মসূচিতে আরও গতি এনে পরিস্থিতি স্বাভাবিক করার আশা করছে সরকার ও প্রশাসন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *