পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় পর্যায়ে ৫ জনকে ‘শ্রেষ্ঠ জয়িতার’ সম্মাননা দিচ্ছে সরকার।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বোরবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পাঁচ জয়িতার নাম ঘোষণা করেন।
তারা হলেন- টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা রবিজান, বরিশালের হাছিনা বেগম নীলা, বগুড়ার মিফতাহুল জান্নাত, পটুয়াখালীর মোসাম্মৎ হেলেন্নছা বেগম এবং নড়াইলের অঞ্জনা বালা বিশ্বাস।
সোমবার আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ এই পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হবে।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে এক লাখ টাকার চেক, ক্রেষ্ট ও সনদ তুলে দেবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান অতিথি হিসেবে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবারের নারী দিবসের প্রতিপাদ্য ঠিক করেছে- “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”।
“মহামারীকালে বাংলাদেশের ডাক্তার, নার্স, প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীসহ সকল পর্যায়ে নারীরা গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই নারীরাই করোনাকে জয় করে নতুন সমতার বিশ্ব গড়ে তুলবে,” বলেন প্রতিমন্ত্রী।


