ওয়ার্ল্ড ডেস্ক ● ফিলিপাইনে দক্ষিণাঞ্চলে মৌসুমী ঝড় `তেমবিন’ এর আঘাতে শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। অনেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির মিন্দানাও দ্বীপের বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাস ও ভূমিধ্বসের খবর পাওয়া গেছে। এছাড়া দ্বীপটির তুবোদ এবং পিয়াগাপাও নামের শহর দু’টি ঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দু’টি শহরের বেশিরভাগ স্থাপনাই পাথরের নিচে চাপা পড়েছে। খবর বিবিসি, এএফপি।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, তেমবিন ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে মিন্দানাও দ্বীপ অতিক্রম করে দক্ষিণে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি পশ্চিমের পালাওয়ান দ্বীপের দিকেও অগ্রসর হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। দ্বীপরাষ্ট্র হওয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে প্রায়ই আক্রান্ত হয় ফিলিপাইন। প্রকৃতিগত ঝুঁকিপূর্ণ দ্বীপ হিসেবে মিন্দানার বদনাম রয়েছে।
এদিকে, পুরোদমে চলছে উদ্ধারকাজ। মাটির সঙ্গে মিশে যাওয়া বেশ কিছু গ্রাম খনন করে প্রাণের সন্ধান চলছে। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় আক্রান্ত স্থানে ত্রাণ পৌছে দিতে ব্যাঘাত ঘটছে। দুর্গত এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিখোজদের খোঁজে স্থানীয়রাও কাজ করছে। ভূমিধসে চাপা পড়া মানুষেদের সময়মতো উদ্ধার করতে না পারলে নিহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে ফিলিপাইন সরকার।


