করোনা নিয়ে ব্যবসা করছে সরকার : ফখরুল

করোনা নিয়ে ব্যবসা করছে সরকার : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। তাদের কারও কাছে কোনো জবাবদিহিও নেই। ফলে করোনাভাইরাস নিয়ে ব্যবসা করছে সরকার।

শুক্রবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘গুম-খুনও নির্যাতনের শিকার’ পরিবারগুলোকে ঈদের শুভেচ্ছা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার পানি ঘোলা করে খায়। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে।’

‘গুম-খুন ও নির্যাতনের শিকার’ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান আমাদের আবেগাপ্লুত করে। আপনাদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করার শক্তি আমাদের নেই। প্রতিবছর আপনাদের সামনে এভাবে উপস্থিত হই আর নিজেদের অপরাধী মনে হয়। কারণ, এখন পর্যন্ত আমরা অবস্থার পরিবর্তন করতে পারিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা একটা গণতান্ত্রিক সমাজব্যবস্থা চাই। আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে চাই। যে উদ্দেশ্যে আন্দোলন করছি, রাজনীতি করছি, যে কারণে আমাদের এই ছেলেরা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে।’

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রের শক্তিকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই এত ত্যাগ, এত ব্যথা, এত বেদনা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *