পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের ক্ষমতা দখলকারী জান্তা সরকারের সেনাবাহিনীর সঙ্গে দেশটির ‘কারেন বিদ্রোহী’দের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবারের (৩১ মে) এই সংঘাতে অন্তত ৮০ সেনা নিহত হয়েছে বলে বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিদ্রোহী গোষ্ঠীর বরাত দিয়ে মিয়ানমার নাউ জানায়, সেনাদের সঙ্গে কারেন জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (কেএনডিএফ) সংঘর্ষটি হয় কায়াহ রাজ্যের দেমোসো শহরে। ওই দিন (৩১ মে) বেলা দেড়টায় ১৫০ সদস্যের একটি সেনা দলের ওপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি।
সেনা দলটি কায়াহ রাজ্যের রাজধানী লইকাও থেকে দেমোসো শহরের কোনে থার গ্রামের দিকে যাওয়ার সময় মুখোমুখী সংঘর্ষ শুরু হয়। কোনের একটি মুরগি খামারে সেনারা অবস্থান করলে অতর্কিতে আক্রমণ চালানোর কথা জানিয়েছে কারেন বিদ্রোহীরা।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, তাদের দৃঢ় প্রতিরোধের মুখে পড়ে জান্তা বাহিনীর সেনারা পিছু হটতে বাধ্য হয়। এর ফলে ৬০ মিলিমিটার মর্টার লঞ্চার এবং ২০টি হালকা অস্ত্র জব্দ করে তারা।
পরে বিদ্রোহীদের ওপর হেলিকপ্টার, জঙ্গি বিমান ও কামানের গোলা নিক্ষেপ করে সেনাবাহিনী। এতে এক কারেন যোদ্ধা নিহত ও ৬ জন আহত হয়েছে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর বিদ্রোহীদের সঙ্গে সেনাদের বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব হামলার সময় স্থানীয় জনগণের সমর্থন ও সাহায্য পাওয়ার কথা জানিয়েছে বিদ্রোহীরা।


