পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী নিহত হয়েছে। (খবর বিবিসির)
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছে আরো অর্ধশতাধিক যাত্রী। সোমবার (৭ জুন) সকালে লাইনচ্যুত একটি ট্রেনের সঙ্গে আরেকটি ট্রেনের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
জানা গেছে, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি প্রথমে লাইনচ্যুত হয়। পরে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেন তাতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গ্রামের মানুষ, উদ্ধারকর্মী এবং পুলিশ সদস্যরা দ্রুত সেখানে ছুটে যান। তারাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। পাকিস্তানে অবশ্য ট্রেন দুর্ঘটনার বিষয়টি নতুন নয়। ট্রেনের সিগন্যাল সিস্টেম এবং রেললাইনের উন্নয়নে সরকারিভাবে উদাসীনতার কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে।


