দিনভর থেমে থেমে বৃষ্টির শঙ্কা

দিনভর থেমে থেমে বৃষ্টির শঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মৌসুমি বায়ুর প্রভাবে আজ মঙ্গলবার (৮ জুন) সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া দেশের মাঝামাঝি মৌসুমি বায়ু অবস্থান করায় বর্ষার বৃষ্টি ঝরবে প্রায় দেশের সব এলাকায়। বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এর প্রভাব বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমি বায়ু এখন বাংলাদেশের উপর সক্রিয়। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হবে, বর্ষার বৃষ্টি। এখন দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে বেশি হচ্ছে। এটি আরও ছড়িয়ে পড়বে। আগামী কয়েকদিন আকাশের ভারী মেঘ থাকবে। ফলে অনেক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৮ জুন) ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। রাজধানীতেও একই অবস্থা। বৃষ্টির জন্য সকালে অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তিত পড়ছেন। এই বৃষ্টিতে যানবাহন পাওয়া কঠিন হয়ে পড়ে। আগামীকালও একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে মাইজদীকোটে ৫১ মিলিমিটার। এছাড়া বরিশাল ৪৭, খেপুপাড়া ৪৬, সৈয়দপুরে ২৩, মাদারীপুরে ৩৮, মোংলা ৩০, গোপালগঞ্জে ১৫, চট্টগ্রামে ১২, সন্দ্বীপে ১১, সীতাকুণ্ড ৩২, চাঁদপুর ১৪, যশোর, খুলনা, রাজারহাট ও হাতিয়ায় ২২, কুতুবদিয়ায় ৩২, রংপুর ও টেকনাফে ২৯, সিলেটে ১৫, ঈশ্বরদীতে ১৮, পটুয়াখালী ১৭, দিনাজপুর ও বগুড়ায় ২০, ভোলা ১৮, চুয়াডাঙ্গা ১৪, ডিমলা ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত এসেছে। এটি দেশের বাকি অংশে ছড়িয়ে পড়ার অবস্থার জন্য আবহাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *