এবারও হজে যেতে পারবেন না বিদেশিরা : সৌদি

এবারও হজে যেতে পারবেন না বিদেশিরা : সৌদি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এ বছরও বিদেশ থেকে কাউকে পবিত্র হজে অংশ নেওয়ার অনুমতি দেবে না সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার (১২ জুন) সরকারি এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

এসপিএ জানিয়েছে, শুধু সৌদির নাগরিক ও দেশটিতে অবস্থানরত ১৮ থেকে ৬৫ বছর বয়সী ৬০ হাজার মুসল্লি করোনা সংক্রান্ত কঠোর বিধিনিষেধ মেনে এবার হজে অংশ নিতে পারবেন। তবে হজের আগে তাদেরকে অবশ্যই করোনার টিকা নিতে হবে।

সৌদির হজ বিষয়ক মন্ত্রণালয় এসপিএ-এর মাধ্যমে বিবৃতি দিয়ে এবারের হজ নিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে গত বছরও এভাবে সীমিত পরিসরে হজের আয়োজন করা হয়েছিল।

গত বছর সীমিত পরিসরে মাত্র এক হাজার সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর স্বাস্থ্য–নিরাপত্তাবিধি ও নিয়ম মেনেই পবিত্র হজের আয়োজন করা হবে। সৌদি আরবের স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *