রামপুরা থেকে ‘আনসার আল ইসলামের ৩ সদস্য’ গ্রেপ্তার

রামপুরা থেকে ‘আনসার আল ইসলামের ৩ সদস্য’ গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর রামপুরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শনিবার (২৬ জুন) রাতে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তাররা হলেন- সাইয়েদ তাইমিয়া ইবরাহীম ওরফে আনোয়ার, মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান এবং ফয়জুল মোরসালিন।

সিটিটিসি প্রধান উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বলেছে, আনসার আল ইসলাম সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে তারা অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে প্রচার চালিয়ে নতুন সদস্য ও অর্থ সংগ্রহ করছিল।’

ওই জঙ্গি দলের সদস্যরা জনকল্যাণমূলক কাজ বা চ্যারিটির নামে দেশ ও বিদেশ থেকে সদকাহ ও জাকাতের অর্থ সংগ্রহ করে জঙ্গিবাদের কাজে ব্যবহার করত বলেও আসাদুজ্জামান জানান।

তিনি বলেন, ‘বর্তমানে তারা তিন থেকে পাঁচজনের গোপন সেল বা মডিউল করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। এসব সেল আলাদাভাবে কর্মী রিক্রুট করে। ফলে ভিন্ন ভিন্ন সেল বা মডিউলের সদস্যরা কেউ কাউকে চিনতে পারে না।’

বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করত বলেও তথ্য দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আসাদুজ্জামান বলেন, সাইয়েদ তাইমিয়া ইব্রাহীম ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে ২০১৫ সালে আনসার আল ইসলামে যোগ দেন। ২০১৬ সালে তিনি একটি মডিউলের দায়িত্ব পান ।

মারুফ চৌধুরী মিশু ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিবিএ করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। পরে ২০১৫ সালে তিনি আনসার আল ইসলামে যোগ দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সিটিটিসির প্রধান বলেন, ‘মিশু সংগঠনের নির্দেশে বাংলাদেশে শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গাদের মানবিক সাহায্যের আড়ালে উগ্রবাদী মতাদর্শ প্রচারের জন্য ২০১৭ সালে তিন মাস বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থান করেন।’

মিশু কোনো রোহিঙ্গাকে নিজেদের সংগঠনে জড়িয়েছেন কিনা জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ এ নিয়ে কাজ করছে।’

গ্রেপ্তার ফয়জুল মোরসালিন ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে গ্র্যাজুয়েশন করেন। ফ্রি ল্যান্সার হিসেবে তিনি কাজ করতেন। ২০১৬ সালে তিনি আনসার আল ইসলামে যোগ দেন বলে পুলিশের ভাষ্য। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে বলে সংবাদ সাম্মেলনে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *