পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের নিহত হওয়ার ঘটনার মামলায় গ্রেফতার সজীব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেমসহ আটজনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১০ জুলাই) বিকালে পুলিশ গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানমের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করে। এময় আদালতের বিচারক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জায়েদুল আলম।
এদিকে এই ঘটনায় কারখানা মালিক এমএ হাশেমসহ ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মামলার বাদী হয়েছেন রুপগঞ্জ থানাধীন ভুলতা ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) নাজির উদ্দিন মজুমদার। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫/২০ জনকে।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে হাসেম ফুডস লিমিটেড কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে পুলিশ।


