আগের চেয়ে কম দামে মিলছে সিনোফার্মের টিকা

আগের চেয়ে কম দামে মিলছে সিনোফার্মের টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনাল কম্পানি থেকে আগের চেয়েও কম দামে দেড় কোটি ডোজ টিকা কিনছে সরকার। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এসংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এটিসহ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৮৫০ কোটি ২১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে।

সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন।

অতিরিক্ত সচিব বলেন, চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ইন্টারন্যাশনাল থেকে চুক্তিবদ্ধ দরের চেয়ে কম দামে টিকা কেনার ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। কভিড মহামারি মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে চীনের সিনোফার্মসহ অন্য যেকোনো কার্যকর টিকা কেনার বিষয়টি ২০২১ সালের ২৮ এপ্রিল তারিখের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভায় অনুমোদিত হয়। সেই অনুমোদনের পরিপ্রেক্ষিতে সিনোফার্মের সঙ্গে চুক্তির আওতায় এক কোটি ৫০ লাখ ডোজ টিকার মধ্যে ২০ লাখ ডোজ এরই মধ্যে উপহার হিসেবে পাওয়া গেছে। অবশিষ্ট এক কোটি ৩০ লাখ ডোজ এবং নতুন প্রস্তাবিত ২০ লাখ ডোজ, সব মিলিয়ে এক কোটি ৫০ লাখ ডোজ টিকা আগের চুক্তিপত্রে উল্লিখিত দামের চেয়ে কম দামে প্রতিষ্ঠানটি সরবরাহ করবে। তবে আগের চেয়ে দাম কত পড়বে, কবে নাগাদ এ টিকা আসবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

অতিরিক্ত সচিব জানান, কভিড-১৯ মোকাবেলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য দেড় কোটি ডোজের অতিরিক্ত টিকা প্রয়োজন হলে তা-ও সরবরাহের প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে সভায় অনুমোদন দেওয়া হয়।

সামসুল আরেফিন আরো বলেন, ডিএপি ফার্টিলাইজার কম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, দুবাইয়ের (লোকাল এজেন্ট : মেসার্স আর কে এন্টারপ্রাইজ, ঢাকা) কাছ থেকে দ্বিতীয় চালানে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড আনা হবে। আর মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই (লোকাল এজেন্ট : মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকা) থেকে প্রথম ও তৃতীয় চালানে আরো ২০ হাজার মেট্রিক টন আনা হবে। মোট ৩০ হাজার টন ফসফরিক এসিড আমদানি করতে খরচ হবে ১৭৭ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ২৪৪ টাকা।

তিনি বলেন, ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে আন্তর্জাতিক কনসাল্টিং ফার্ম নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। পরামর্শক হিসেবে যৌথভাবে মিসরের মেসার্স আরব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স মোহাররাম বাকহুম, ন্যাশনাল মেইনটেইন্যান্স করপোরেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং কনসালট্যান্ট বাংলাদেশ লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে ৩৯ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৪৩৩ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০’ (২০১৮ সালের সর্বশেষ সংশোধনীসহ) এর আওতায় স্পট মার্কেট থেকে ১৮তম এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। সুইজারল্যান্ডভিত্তিক মেসার্স এটিও ট্রেডিং এজির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১৩.০৬৯৯ মার্কিন ডলার হিসাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কিনতে মোট ৪৩৬ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ২০৫ টাকা ব্যয় হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *