পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় চীনের সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকা পৌঁছেছে। মঙ্গলবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে সিনোফার্মের টিকার এই চালান বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৭ লাখ ডোজ টিকা চীন থেকে বিমানবন্দরে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিমের কাছে এসব টিকা হস্তান্তরের কাজ চলছে।
এর আগে, বেইজিং এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় ফ্লাইটটি ১৭ লাখ টিকা নিয়ে রওয়ানা দেয়।
চীন থেকে প্রথম দফায় গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা আসে। গত ৩০ জুলাই আরও ৩০ লাখ টিকা এসেছে। তবে, এই প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় টিকা এলো চীন থেকে।


