পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনায় করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘন্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। অথচ এর আগের দিন বৃহস্পতিবার (১২ আগস্ট) খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু হয়েছিলো।
এদিকে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬১২ জন। তার আগের দিন করোনা শনাক্ত হয়েছিলো ৭৮৬ জনের শরীরে।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ২০০ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৭০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪ হাজার ৫৪০ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৭ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৫৯৯ জনের। করোনায় মারা গেছে ৬৯৮ জন। এছাড়া সুস্থ হয়েছে ২১ হাজার ১২২ জন।


