আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ তালেবানের

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ তালেবানের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, দেশটির রাজধানী কাবুলে প্রবেশ শুরু করেছে তালেবান। এর ফলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবান শহরের চারদিক থেকে ঢুকতে শুরু করেছে।

রবিবার (১৫ আগস্ট) ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ দখলে নেয় তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম এই শহরটি রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ মাইল পূর্বে অবস্থিত।

এর আগে তালেবানের উপ-প্রধান মোল্লা আব্দুলগনি বারাদার ঘোষণা করেছেন, তারা এখনো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী, তবে তাদের মূল লক্ষ্য আফগানিস্তানের স্বাধীনতা অর্জন করা। বিবৃতিতে বারাদার বলেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় না। তালেবান মনে করে, আফগানিস্তানের সকল শ্রেণির মানুষ আইনের দৃষ্টিতে সমান।

এদিকে আফগানিস্তান থেকে মার্কিন ও মিত্র জোটের সেনা এবং মার্কিন দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনার জন্য দেশটিতে পাঁচ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *