পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭৬ জনের। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
খুলনা সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে নড়াইল লোহাগড়া উপজেলার আলী হোসেন (৫৫) নামের একজন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খুলনা মহানগরীর মুজগুন্নি এলাকার হামিদা বেগম (৬৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪৫২টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ শতাংশ।
এর আগে গতকাল সোমবার (২৩ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩৭৯ জনের। এই বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ২২০ জনের শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৯৪১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ৭২১ জন।


