পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একদিনে ১ কোটির বেশি মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার রেকর্ড গড়ল ভারত। শুক্রবার (২৭ আগস্ট) ভারতব্যাপী গণটিকা কর্মসূচির আওতায় এ টিকা দেয়া হয়।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ হাজার ৭৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটা গত ১ জুলাইয়ের পর ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭।
ভারতে করোনায় আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। পুরো মহামারি পর্বে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জনের।
শনিবার (২৮ আগস্ট) ভারতের দৈনিক আক্রান্তের সিংহভাগই হয়েছে কেরালায়। দক্ষিণের এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০১ জন। গত একমাসেরও বেশি সময় ধরে ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছিল কেরালায়। তবে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কমে হয়েছে ৪ হাজার ৬৫৪।
এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৫৪২), অন্ধ্রপ্রদেশ (১,৫১৫), কর্নাটক (১,৩০১), মিজোরাম (৮৮৬), ওড়িশা (৮১৬) এবং পশ্চিমবঙ্গ (৭০৩)। বাকি রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০০-র কম। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যেও করোনা সংক্রমণ বাড়ছে।


