পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও চারটি চাকু জব্দ করা হয়।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে র্যাব ১১-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া হোলার বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই চক্রটিকে চাপাতিসহ পাঁচটি ধারালো অস্ত্র সমেত গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা সিদ্ধিরগঞ্জ এলাকায় নিয়মিত সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবত তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।


