পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা টিকা প্রদান করে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। করোনা সংক্রমণ রোধে প্রায় দেড় বছর পর মক্কার পবিত্র মসজিদুল হারামে কুরআন হিফজের অধিবেশন শুরু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ফের কুরআন হিফজের এ অধিবেশন শুরু হয়।
কুরআন হিফজের পর্বের প্রধান বাদর আল মুহাম্মাদি বলেন, ‘কুরআন হিফজের পাঠ প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। পবিত্র মসজিদে হারামে কুরআন পাঠের পর্বগুলো পুনরায় চালু করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।’
তিনি আরো বলেন, ‘পরিকল্পনা অনুসারে প্রাথমিকভাবে প্রতি পর্বে শুধুমাত্র ৮জন শিক্ষার্থী মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে প্রতিদিন একটি অধিবেশন আয়োজনের ব্যবস্থা করা হয়।’
শুধুমাত্র করোনা টিকা গ্রহণকারীরা পবিত্র মসজিদে হারামের কুরআন হিফজের অধিবেশনে অংশ নিতে পারবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতামূলক সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
গত আগস্ট মাস থেকে প্রায় দেড় বছর পর মসজিদে হারামে আলোচনা সভা পুরনায় শুরু হয়। করোনা সংক্রমণ রোধে সৌদির প্রায় ৩৭ মিলিয়ন লোককে টিকা দিয়ে ধীরে ধীরে বিধি-নিষেধ শিথিল করা হয়।
সূত্র : সৌদি গেজেট


