পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিলে মৃত্যুর আশঙ্কা কমে যায় প্রায় ১১ গুণ। এইসব ব্যক্তিদের হাসপাতালে ভর্তির সম্ভাবনাও কমে যায় ১০ গুণ।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সম্প্রতি তিনটি নতুন গবেষণাপত্র প্রকাশ করেছে। সেসব গবেষণাতেই উঠে এসেছে কোভিড টিকার কার্যকারিতা সংক্রান্ত এই তথ্য।
সিডিসি’র গবেষণায় বলা হয়েছে, ভারতে প্রথম শনাক্ত করোনাভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অন্য টিকার তুলনায় মডার্নার টিকা বেশি কার্যকর।
সিডিসি’র প্রকাশিত গবেষণাপত্রের প্রথম কাজ হয়েছিল গত ৪ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত। এই সময়কালে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সে ভাবে প্রকট আকার ধারণ করেনি। এই সময়ের পর্যবেক্ষণের সঙ্গে তুলনা করা হয়েছে ২০ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত করা পর্যবেক্ষণকে। এই সময়কালে ডেল্টা সংক্রমণ শুরু হয়েছিল।
এই দুই ভিন্ন সময়ের পর্যবেক্ষণে টিকার কার্যকারিতা লক্ষ্য করেছেন মার্কিন গবেষকরা। এছাড়া টিকা নেওয়া ব্যক্তির জটিল সংক্রমণ হওয়ার আশঙ্কা, টিকা না নেওয়া ব্যক্তির তুলনায় কতটা কম- সে সবই উঠে এসেছে এই গবেষণায়।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ব্যবহৃত তিনটি টিকা নেওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কতটা কম সেটিও জানিয়েছে সিডিসি। তারা জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে মডার্নার টিকা ৯৫ শতাংশ কার্যকর, ফাইজার ৮০ শতাংশ এবং জনসন অ্যান্ড জনসনের টিকা ৬০ শতাংশ কার্যকর।
এএফপি জানিয়েছে, করোনা মোকাবিলায় বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নিয়ে বর্তমানে কাজ করছে সিডিসি ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে বাইডেন প্রশাসন অনুমোদন দিলে চলতি মাসের শেষের দিকে বয়স্ক মার্কিন নাগরিকরা প্রথমে সেটি নেওয়া শুরু করবেন।


