জামিন পেলেন মেয়র সাক্কু

জামিন পেলেন মেয়র সাক্কু

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।  সোমবার উচ্চ আদালতের আদেশে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী মাসুদ আহম্মদ তালুকদের মাধ্যমে জামিন আবেদন করেন সাক্কু। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুল ইসলাম দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে ৪ জানুয়ারি দুদকের মামলা থেকে অব্যাহতি দিয়ে বিশেষ আদালতের দেয়া আদেশ কেন অবৈধ হবে ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় তার জামিন বাতিল করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতে সাক্কু জামিন চাইলে জামিনের বিষয়টি বিবেচনা করতে বলেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন দুদকের করা আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

২০১৭ সালের ২১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে অব্যাহতি পান কুসিকের প্রথম মেয়র সাক্কু। বর্তমানে সাক্কুর বিরুদ্ধে আর কোনো মামলা নেই। ঢাকার ৮ নং বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহম্মদ তাকে অব্যাহতি প্রদান করেন।

জানা গেছে, চার কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। পরে ওই অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ মামলা করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

গত ৩০ মার্চ কুসিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। টানা দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্ব নেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *