পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।
বেলুচিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনও চলছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আহত বেশ কয়েকজনকে স্ট্রেচারেই মোবাইল ফোনের আলোতে চিকিৎসা করেছেন ডাক্তাররা।
ভূমিকম্পে শতাধিক কাঁচা ঘরবাড়ি ধসে গেছে এবং বিপুলসংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শত শত মানুষ এখন গৃহহীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের শেয়ার করা ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর কোয়েটা শহরে মানুষ রাস্তায় নেমে আসে। কোয়েটার পূর্বে অবস্থিত হরনাই জেলায় প্রচুর পরিমাণে কয়লা খনি রয়েছে। সেখানেই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে জানান হরনাইয়ের উপ-কমিশনার সোহেল আনোয়ার।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু বিবিসিকে জানান, হরনাই জেলায় জরুরি সেবা সরবরাহ করা হয়েছে।


