পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের আসামে সম্প্রতি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর যে হামলা ও নিপীড়ন চালানো হয়েছে তার সমালোচনা করেছিল ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সংস্থাটির এমন সমালোচনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই ওআইসির।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, আসামের ঘটনায় ওআইসি বিভ্রান্তিকর মন্তব্য করেছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। সংস্থাটির কোনো অধিকার নিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। ভারত আশা করে, ভবিষ্যতে ওআইসি এ ধরনের তৎপরতা থেকে সম্পূর্ণ বিরত থাকবে।
উল্লেখ্য, আসামের দরং জেলার ধোলপুর গ্রামে গত ২৩ সেপ্টেম্বর অবৈধ দখলদার উচ্ছেদের নামে নৃশংস অভিযান চালায় পুলিশ। এতে পুলিশের গুলিতে অন্তত দুই সংখ্যালঘু মুসলিম নিহত হন। এ ছাড়া অনেকে আহত এবং কয়েকশ মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে। প্রশাসনের দাবি, ওই ঘটনায় এলাকাবাসীর হামলায় ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এই ঘটনার পর ভারতের ভেতরে এবং বাইরে সমালোচনার ঝড় বয়ে যায়। সমালোচনা করে ওআইসিও। আসামে মুসলিম পরিবারগুলোকে জমি থেকে উচ্ছেদের সময় পুলিশের অভিযানকে পদ্ধতিগত (সিস্টেমেটিক) নিপীড়ন এবং সহিংসতা বলে অভিহিত করেছে ৫৭টি মুসলিম দেশের এই সংস্থা। এমন মন্তব্যের প্রেক্ষিতেই এবার ভারত এক হাত নিল ওআইসির।


