প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার আর নেই

প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার আর নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রবীণ আইনজীবী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল বাসেত মজুমদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আব্দুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এসব তথ্য জানিয়েছেন। আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বাবার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মেরুদণ্ডের হাঁড়ের একটি ডিস্ক ডিসপ্লেসমেন্ট হওয়ায় গত ৬ অক্টোবর হাসপাতালে নেওয়া হয়। ২৪ অক্টোবর নেওয়া হয় আইসিইউতে। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ায় ভেন্টিলেশনে নেওয়া হয় সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীকে।

১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম (বর্তমানে লালমাই) উপজেলার শানিচোঁ গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল বাসেত। বাবা আব্দুল আজিজ মজুমদার, মা জোলেখা বিবি। স্থানীয় হরিচর হাইস্কুল থেকে ম্যাট্রিক (এসএসসি) এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ (এইচএসসি) ও বিএ পাস করেন তিনি। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

‘গরিবের আইনজীবী’ হিসেবে খ্যাত আব্দুল বাসেত মজুমদার আইন পেশায় ৫৬ বছর পার করেছেন। ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *