পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর শেখেরচর বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাবুরহাট বাজারের একটি শাড়ির দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাটে আজ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ ছিলো। বিকেল ৫টায় বাজারে মধ্যে শাড়ির দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী বাজার ফায়ার স্টেশন ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
দোকানগুলোতে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস থাকায় দ্রুত আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারে একটি শেডের প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এখন ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন ডাম্পিংয়ের কাজ করছে।
এদিকে বাজারে আগুন লাগার খবর শুনে ব্যবসায়ীরা বাজারে আসতে শুরু করে। তারা তাদের দোকানের সামনে ভিড় জমাতে শুরু করে। তাদের সরিয়ে ফায়ার সার্ভিসের কাজ করতে বেগ পেতে হয়। বাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বাজারের ব্যাবসায়ী হারুন আর রশিদ বলেন, বাজারের একটি দোকানে ঝালাইয়ের কাজ করছিল। আমরা বাধা দিয়েছিলাম। তারা শোনেনি। সেখান থেকেই আগুনের সূত্রপাত। পরে পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আবদুল হালিম বলেন, খবর পাওয়ার সাথে সাথে মাধবদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৮টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সরু রাস্তা-ঘাটের কারণে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।


