পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লা নগরীর চকবাজার এলাকার তেহরি পট্টিতে আগুনে দশটি দোকান পুড়ে ছাই গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ। তিনি বলেন, নগরীর ফায়ার সার্ভিস এবং ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি করে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তসাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডে চালের গুদাম, মোবাইল ফোনের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।


