নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন। মঙ্গলবার ভোর সোয়া ৪টায় তিনি তার গুলশানের বাসায় পৌঁছান বলে জানিয়েছেন তার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। সোমবার রাত ৯টা ৫০ মিনিটে নগরীর সার্কিট হাউস থেকে ঢাকার পথে রওনা দেন বেগম জিয়া। এ সময় তার সঙ্গে ঢাকা থেকে আসা দলের নেতাকর্মীরাও রওনা হন।
এরআগে সন্ধ্যা ছয়টার দিকে হজরত শাহজালালের রহ. মাজারে পৌঁছান খালেদা জিয়া। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। পরে রাত আটটার দিকে হযরত শাহপরানের রহ. মাজার জিয়ারত করেন। সেখানেও ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।
খালেদা জিয়ার আগমন ঘিরে আগে থেকেই হাজার হাজার নেতাকর্মী মাজার দুটির ফটকে অবস্থান করছিলেন। নেতাকর্মীদের ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ব্যাপক হিমশিম খেতে হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে সোমবার সকাল ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউসে পৌঁছান।


