আপাতত ট্রেনে ভাড়া বাড়ছে না : রেলমন্ত্রী

আপাতত ট্রেনে ভাড়া বাড়ছে না : রেলমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ রেলওয়ে এই মুহূর্তে ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়াচ্ছে না। আপাতত ভাড়া বাড়ানোর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

শনিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী।

দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করা উপলক্ষে রেলমন্ত্রী কমলাপুর স্টেশনে যান।

গত ২৬ মার্চ দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাক্ষণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করা কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী। তিনি সকালে কমলাপুর রেলস্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল বিতরণ করে এবং গার্ড ব্রেকে ফ্ল্যাগ সিগনাল দেওয়ার মাধ্যমে ট্রেনের যাত্রা শুরুর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাক্ষণবাড়িয়া স্টেশনের ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করেন।

তিনি বলেন, আগে ব্রাক্ষণবাড়িয়া স্টেশনে যেভাবে ট্রেনের যাত্রাবিরতি ছিল আজ থেকে এক‌ইভাবে যাত্রাবিরতি করবে। স্টেশনে ১৪টি আন্তঃনগর, ৮টি মেইল এবং ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে।

মন্ত্রী এ সময় বলেন, যারা স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশ চায় না, তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রক্রিয়া চলমান আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের দাম বাড়লেও রেলওয়ের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। রেলওয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে একটি সহজ এবং আরামদায়ক সেবা দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। ট্রেনে ঢিল ছোড়া রোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *