পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের দিল্লি শহরের বাতাস প্রতিদিনই আরও ‘বিষাক্ত’ হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দিল্লির বাতাসের গুণমান সূচক (একিউআই) আরও ২৮ পয়েন্ট বেড়ে ৪৯৯-এ দাঁড়িয়েছে।
ফলে, দিল্লির বাতাসের অবস্থাকে ‘গুরুতর’ হিসেবে উল্লেখ করেছে সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (এসএএফএআর)।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সরকারি-বেসরকারি সব অফিস ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো কমপক্ষে ৩০% গাড়ির ব্যবহার কমিয়ে বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
এদিকে পরিবেশ মন্ত্রী গোপাল রাই শুক্রবার পূর্ব দিল্লি কারকড়ডুমায় হাব প্রকল্পের একট নির্মাণ সাইট পরিদর্শন করে জানান, সেখানে ধুলো নিয়ন্ত্রণ ব্যবস্থা সঙ্গতিপূর্ণ নয়। এ সময় ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি)-কে ৫ লাখ রুপি জরিমানা করেন তিনি।
রাজ্য সরকার ইতোমধ্যে নির্মাণ সাইটসহ এ ধরনের উৎসগুলো থেকে ধুলো দূষণ নিয়ন্ত্রণের জন্য “ধূলি বিরোধী” প্রচারণার দ্বিতীয় পর্ব চালু করছে। প্রচারণাটি ১২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
অন্যদিকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, বাতাসের গতি কম থাকলে আগামী ১৮ নভেম্বরের আগে দিল্লির বাতাসের মান সূচক কমার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ভারতে প্রতি বছরই দীপাবলিতে বাজি পোড়ানো ও কৃষি জমিতে খড়বিচালি পোড়ানোর কারণে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর মাস জুড়ে বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করে।
দিল্লির আশেপাশে প্রায় চার হাজারেরও বেশি কৃষি জমিতে খড়কুটো পোড়ানো ধোঁয়া দিল্লিতে এসে পরিস্থিতি আরও খারাপ করে ফেলে। বিশেষজ্ঞদের মতে, দিল্লির বাতাসের এমন ভয়াবহ রূপের পিছনে ৩৫% দায়ী খড়কুটো পোড়ানো ধোঁয়া।


