হালকা বৃষ্টি থাকতে পারে, তাপমাত্রা কমতে পারে

হালকা বৃষ্টি থাকতে পারে, তাপমাত্রা কমতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী আরও দুইদিন রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এতে করে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১২ নভেম্বর) থেকেই হালকা কুয়াশায় ছেয়ে যায় রাজধানীর আকাশ। কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে দেখা গেছে। ফলে গভীর রাতে কমে তাপমাত্রা। মধ্যরাতের পর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নামে। একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখা গেছে ভোর থেকে। শনিবার সারাদিন আবহাওয়া এমন থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, পূবালি ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণে এই আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ হিসেবে ভারতের তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি গুরুত্বহীন হয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *