- দুনিয়ার প্রেমে পড়ে আমাদের অন্তর পাপের আধিক্যে কালচে হয়ে আছে।
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর উত্তরখানে হামিদ মেম্বার বাড়ির বাইতুন নূর জামে মসজিদে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী আয়োজিত আত্মশুদ্ধি মূলক ধারাবাহিক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) বাদ আসর থেকে শুরু হওয়া এই মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা ইব্রাহীম শিলস্তানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘দুনিয়ামুখী হয়ে, দুনিয়ার প্রেমে পড়ে আমাদের অন্তর পাপের আধিক্যে কালচে হয়ে আছে। অন্তরে দুনিয়ার ভালোবাসা ঢুকে পড়েছে। আমাদের অন্তরে এখন সবকিছু আছে, শুধু আল্লাহ নেই। অথচ অন্তর একমাত্র আল্লাহকে রাখার জায়গা। আল্লাহ ব্যতিত অন্য কাউকে অন্তরে জায়গা দেয়া আল্লাহও পছন্দ করেন না।’
তিনি আরও বলেন, আমাদের অন্তর চক্ষু বন্ধ হয়ে গেছে। ঈমানের রৌশনিতে, আল্লাহর নামের জিকির করে অন্তর চুক্ষু খুলতে হবে। আর অন্তর চক্ষু খুলে গেলে পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। যেমনটা অনেক সাহাবায়ে কেরাম পেয়েছেন।
আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন, বান্দা কখন মাফ চাইবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি তার বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকেন, কখনো বান্দা বলবে, ‘ইয়া আরহামার রাহিমিন’। আর তিনি তার বান্দাকে ক্ষমা করে দেবেন। সুবহে সাদিকের সময় আল্লাহ তাআলা নিচের আকাশে এসে পৃথিবীতে মুসলিম উম্মাহকে ডাকে বলেন, ‘ও বান্দা, এখনো কি আমার কাছে ফিরে আসার সময় হয়নি, তওবা করার সময় আসেনি, আর কতদিন, আর কতকাল অপেক্ষা করবে! আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করে দিই।’
আল্লাহ তাআলাকে পেতে কোন মাধ্যম লাগে না, আল্লাহকে পেতে হলে আল্লাহকে ডাকতে হবে জানিয়ে ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এই খলীফা বলেন, বান্দা যখন আল্লাহকে পেতে চেষ্টা করে, আল্লাহকে ডাকে, তখন আল্লাহ নিজেই এসে বান্দার কাছে ধরা দেন। আল্লাহ বান্দার চেষ্টা ও তার নাম ডাকে পছন্দ করেন। তাই যে ব্যক্তি আল্লাহকে ডাকবে, সে অবশ্যই একদিন আল্লাহকে পেয়ে যাবে। আর যে আল্লাহকে পেয়ে যাবে, দুনিয়া ও আখেরাতে তার কোন পেরেশানি থাকবে না। শান্তি-সুখেই বসবাস করবে।
আল্লাহর নামের জিকিরে অন্তর পবিত্র হয়, অন্তরে প্রশান্তি আসে মন্তব্য করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ আল্লাহ ও তাঁর নামের জিকির। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লার নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে।
আত্মশুদ্ধি মূলক মাহফিলে আরও বয়ান করেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফি, বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মাদানী নগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী প্রমুখ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন উত্তরখানা ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব জয়নাল আবেদীন, হাজী আরশাদ আহমেদ, জনাব মাহমুদুল হাসান রাসেল, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সাইফুর রহমান শোয়াইব, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক প্রমুখ।
আরও পড়ুন: ‘প্রকাশ্য আমলের মাধ্যমে কাউকে নিশ্চিতভাবে জান্নাতি বলা যায় না’


