পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। চলতি বছর এই তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২০২০ সালে ফোর্বসের তালিকায় শেখ হাসিনা ৩৯তম অবস্থানে ছিলেন। তার আগে ২০১৯ সালে ২৯, ২০১৮ সালে ২৬, ২০১৭ সালে ৩০, ২০১৬ সালে ৩৬ এবং ২০১৫ সালে ৫৯তম স্থানে ছিলেন তিনি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইটে দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন ২০২১ শীর্ষক তালিকা প্রকাশিত হয়। এতে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর পরিচয় এবং তাদের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ফোর্বস লিখেছে, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি তার সরকারের চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হয়েছেন এবং টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছেন।
২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয়লাভ করে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। চতুর্থ মেয়াদে খাদ্যনিরাপত্তা, শিক্ষায় প্রবেশাধিকার এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।


